এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে কয়েক পরীক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার তারা রাজধানীর বকশীবাজারে ঢাকা বোর্ডের সামনে প্রথমে বিক্ষোভ করে। প্রায় এক ঘণ্টা শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে অবস্থান নেয়। পরে বেলা ২টার দিকে তারা বোর্ড চেয়ারম্যানের হাতে স্মারকলিপি দেয়।
প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে গেলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গেটের বাইরে থেকেই তা নিতে চান। কিন্তু শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সরাসরি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার দাবি তোলে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং আগামী রবিবার এ বিষয়ে তাদের আপডেট জানানোর কথা বলেন। তখন শিক্ষার্থীরা রবিবারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও বোর্ডের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে বেলা আড়াইটার দিকে স্থান ত্যাগ করে।
এইচএসসি পরীক্ষা পেছানো অথবা প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছে কিছু শিক্ষার্থী। দাবি আদায়ে শাহবাগ মোড়ও অবরোধ করেছিল তারা।
তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্প্রতি জানিয়েছেন, পূর্বঘোষিত সময়েই অর্থাৎ ১৭ আগস্ট থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তবে আইসিটি বিষয়ের পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার নতুন নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে।
রাজশাহীতে বিক্ষোভ : এদিকে আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানো অথবা ৫০ মার্কের পরীক্ষার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে। এর আগে তারা রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে।
বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শিক্ষা বোর্ডের সামনে এলে শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এসময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ জন প্রতিনিধিকে তিনি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন এবং সবার সুবিধার্থে শিক্ষা বোর্ডের প্রধান ফটক ছেড়ে দাঁড়াতে আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলে কর্মসূচি শেষ হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবির বলেন, পরীক্ষা পরীক্ষার মতোই হবে। এটি সরকারি পর্যায়ের সিদ্ধান্ত। আমাদের কাছে সরকারি পর্যায়ের যে সিদ্ধান্ত আসবে আমরা সেটি বাস্তবায়ন করব।
