মেলার টাকা ভাগাভাগি দুজনকে কুপিয়ে জখম

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০২:১১ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মেলার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। আহতরা হলেনÑ মেহেদী হাসান (২০) ও পারভেজ (১৮)। তাদের রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদপুর থানার বসিলা বিটের ইনচার্জ এসআই মো. শাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের বসিলায় এমন ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা সেই তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করছি।

জানা গেছে, মোহাম্মদপুরের বসিলায় সাপ্তাহিক একটি মেলা বসে। এই মেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে টাকা ভাগাভাগি নিয়ে বসিলার মোল্লা শামীম, জ্যাক জাকির, হৃদয়, কালাম, সাঈদ, শাওন মুনতাকিম গ্রুপ ও মেট্রো হাউজিংয়ের মামুন, ডিশ আমিনুল (আমির) আমিনুল রাহিদ, সাগর, সুজন, মাসুদ, পাইটু আরিফ, কালাম গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়।

আহত পারভেজ শুক্রবার দুপুরে বলেন, আমি বসিলায় শাহিনুর মসজিদের চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ করে আমাকে এসে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় মামুন নামে একজনকে আমি চিনতে পেরেছিলাম। পরে আমার পরিবারের লোক আমাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখান থেকে ভালো চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। মেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে শুনেছি। তবে আমি মেলার ঘটনার সঙ্গে জড়িত নই। তারপরেও তারা আমাকে কুপিয়ে আহত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত