বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন। গতকাল শনিবার তিনি কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন।
গতকাল সকালে ব্রিটিশ হাইকমিশনার কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাকে স্বাগত জানান। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক সম্পা সাহা, পরিচালক মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপমহাব্যবস্থাপক অনিমেষ ভৌমিক উপস্থিত ছিলেন।
ব্রিটিশ হাইকমিশনার সারা কুক কুমুদিনী হাসপাতাল লাইব্রেরিতে চা-চক্র শেষে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। পরে ডিঙ্গি বজরা যোগে হোমসসংলগ্ন লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার পৈতৃক বাড়ি পরিদর্শনে যান। এ ছাড়া তিনি কুমুদিনীর চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে কুমুদিনী হাসপাতাল ও উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে কুমুদিনী লাইব্রেরির সামনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, কুমুদিনীর শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে আমাদের ভাল ধারণা আছে। কুমুদিনীর স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরী শিক্ষা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য কাজে আসবে।
