একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষ বেড়েছে ৫৪ হাজার ৩৪৯টি। এর আগে একাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকক্ষ ছিল ২ লাখ ৭ হাজার ৩১৯টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা বেড়েছে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৬৮টি।
গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে খসড়া ভোটকেন্দ্রের তালিকা বিষয়ে নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান। তিনি বলেন, সব থেকে বেশি ভোটকক্ষ বেড়েছে কুমিল্লায় ৩০ দশমিক ১৩ শতাংশ। আর সব থেকে কম ভোটকক্ষ বেড়েছে ঢাকায় ২১ দশমিক ৮৭ শতাংশ। একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র থেকে বেড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার ৩৮০টির মতো হতে পারে।
একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বাড়ছে ২ হাজার ১৯৭টি। তবে ইসির চূড়ান্ত হিসেবে কিছু কম-বেশি হতে পারে বলেও জানান জাহাংগীর আলম।
ইসি সচিব বলেন, বুধবার প্রকাশিত খসড়া কেন্দ্রের ওপর দাবি-আপত্তি নেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর।
