সাংবাদিকের ওপর হামলাকারী যুবলীগ নেতা ক্ষমা চাইলেন

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০১:১৯ এএম

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন। তিনি সাংবাদিকদের সামনে হাতজোড় করে ক্ষমা চান। শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে সমঝোতা বৈঠকে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এ সময় যুবলীগ নেতা সুমনকে যুবলীগ থেকে বহিষ্কারের আশ্বাস দেন আওয়ামী লীগ নেতারা।

আরইউজে সাধারণ সম্পাদক তানজিমুল হক জানান, সমঝোতা বৈঠকে মেয়র লিটন ছাড়াও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ডা. মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা জাতির বিবেক। সমাজে তারা যদি আক্রান্ত হয়, তাহলে সেটি দেশ এবং সমাজের জন্য মোটেও সুখকর বিষয় না। যুবলীগ-ছাত্রলীগ যেই হামলা চালাক না কেন, কেউ সংগঠনের ঊর্ধ্বে না। সাংবাদিক নেতা রফিকের ওপর মিছিল থেকে অতি উৎসাহীরা হামলা চালিয়েছে তা স্পষ্ট। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত