নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাল দলিল লেখার দায়ে দলিল লেখক মো. সোহেল ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ রবিবার (২০ আগষ্ট) এক চিঠিতে বিষয়টি জানায় জেলা রেজিস্টার অফিস। চিঠিতে সই করেন জেলা রেজিস্টার খন্দকার জামীলুর রহমান।
চিঠিতে দলিল রেজিস্ট্রির সময় জাল-বানোয়াট দলিল দাখিল ও দলিল লেখার ফরম্যাটের ২৯ নং কলাম অনুসরণ না করায় অসদাচরণের অভিযোগে দলিল লেখক সোহেলকে বরখাস্ত করা হয়। এ সময় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগের জবাব দেওয়ার জন্য দলিল লেখক সোহেলকে নির্দেশ দেওয়া হয়। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাব সঠিক না হওয়ায় রবিবার তাকে সাময়িক বরখাস্ত করেন জেলা রেজিস্টার খন্দকার জামীলুর রহমান।
আড়াইহাজার উপজেলা সাব রেজিস্টার আলী আজগর জানান, জাল দলিল ও দলিল লেখকদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবেন জেলা রেজিস্ট্রার ।
অভিযুক্ত দলিল লেখক সোহেল ভুঁইয়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
