বিএনপির চলমান এক দফার আন্দোলন সামনে রেখে অতি উৎসাহী গোয়েন্দা কর্মকর্তারা ছাত্রদল নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। তারা বলেছেন, ছাত্রদল নেতাদের অস্ত্রসহ গ্রেপ্তারের যে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি করেছে, তা ‘দুর্বল স্ক্রিপ্টের নাটক’।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এসব কথা বলা হয়।
বিএনপির সহযোগী এই সংগঠনটির নেতারা বলেন, ছাত্রদল কলমের রাজনীতি করে, অস্ত্রের রাজনীতি করে না।
গত শনিবার ছাত্রদলের ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে বিএনপি বিবৃতিতে জানায়, ছাত্রদলের এই নেতাদের তুলে নিয়ে গেছে।
গতকাল সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, সংগঠনের নেতাদের আটকের পর অস্ত্রসহ গ্রেপ্তারের নাটক সাজিয়ে তাদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে।
লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশকে নিয়ে ক্রমাগত উদ্বেগ জানাচ্ছে, স্যাংশন আসছে, ভিসা নিষেধাজ্ঞা আসছে, আন্তর্জাতিক রাজনীতির এক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। এর সবকিছুর মূল হচ্ছে একতরফা অবৈধ কারচুপির ভোটচুরি নির্বাচন।’
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সবুজবাগে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আমিনুল হক প্রমুখ।
