দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একমাত্র ছেলে ও চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান রনি। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা পৌর শহরের জুুবিলী ট্যাংকপাড়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আসনে মনোনয়ন চাইবেন বলে জানান। এ সময় আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কা-ারি হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং তিনি নির্বাচন করার সুযোগ যদি দেন, তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।’
বাবার সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে রয়েছেন জানিয়ে রাষ্ট্রপতিপুত্র বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন, এমনকি ওনার একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি দিয়েছেন। তিনি বলেছেন, তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু কর। আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে, আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন। তাই এখন তুমি যাও পাবনার মানুষের কাছে, দেখ পাবনার মানুষ তোমাকে গ্রহণ করে কি না। সেই জন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।’
