ধর্ম প্রসঙ্গে নাসিরুদ্দিনের বক্তব্য নিয়ে হইচই

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

ভারতের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ বরাবরই বেবাক। তার চিন্তা কিংবা দর্শনকে আটকে রাখতে পারে না কোনো ভীতি বা রাজনৈতিক বেড়াজাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এই অভিনেতা আবারও ধর্ম নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার ভাষ্য, ‘ক্ষমতায় থাকা রাজনৈতিক দল (বিজেপি) সুকৌশলে সাধারণ মানুষের মগজে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছে। ফলে মুসলিমবিদ্বেষ এখন ফ্যাশনে পরিণত হয়েছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তা হলে সবকিছুর মধ্যে ধর্মের পরিচয় দেওয়া হচ্ছে কেন? যারা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাদের সামনে তো নির্বাচন কমিশন স্রেফ নীরব দর্শক!’ তিনি আরও বলেন, ‘আজকালকার সিনেমায় বা সিরিজে যা দেখানো হচ্ছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবে। সেটা আদতে ইসলামফোবিয়া। বর্তমান এ সময়টা বেশ উদ্বেগজনক।’ নাসিরের প্রশ্ন, ‘এ কাজই যদি আজ কোনো মুসলিম নেতা করতেন, তিনি যদি ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে জনগণের কাছে ভোট চাইতেন, তাহলে এত দিনে দুনিয়া এ দিক থেকে ও দিক হয়ে যেত!’ ভারতের নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কতটা মেরুদ-হীন হলে দিনের পর দিন এটা চলতে পারে! নির্বাচন কমিশনের তো একটা কথা বলারও সাহস নেই।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে নাসিরুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান, যদিও তারপরও সাম্প্রতিক নির্বাচনে হেরে গেছেন তিনি।’ তার এই বক্তব্য নিয়ে স্যোশাল মিডিয়ায় শুরু হয়েছে হইচই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত