দৃকের জন্মদিনে গোলাম কাসেম ড্যাডি লেকচার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ এএম

দৃকের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে রাজধানীর দৃকপাঠ ভবনে ‘ডা. জাফরুল্লাহ, জাতীয় ওষুধ নীতি ১৯৮২ ও বাংলাদেশের স্বাস্থ্য আন্দোলন’ শিরোনামে গোলাম কাসেম ড্যাডি লেকচার অনুষ্ঠিত হয়। লেকচারটি উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সায়েদুর রহমান। দৃকের ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্রী ড. শহিদুল আলম তার স্বাগত বক্তব্যে বলেন, ‘গোলাম কাসেম ড্যাডি একজন কিংবদন্তি আলোকচিত্রী। প্রথম বাঙালি মুসলমান ছোটগল্প লেখক হিসেবে সওগাতে তার লেখা ছাপা হতো। তাই প্রতি বছর দৃকের জন্মদিনে এ পথিকৃতের স্মরণে লেকচার সিরিজের আয়োজন করা হয়। এর আগে শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী ঢালী আল মামুন, ক্যাথরিন মাসুদসহ অনেক বরেণ্যজন তাদের বক্তব্য উপস্থাপন করেন।’

সায়েদুর রহমান তার অভিজ্ঞতার আলোকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নানা দিক তুলে ধরেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ফিল্ড হাসপাতাল গড়ার নেপথ্য অবদান, গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা, নারীদের ক্ষমতায়ন এবং তার সাধারণ জীবনযাপন উঠে আসে এ লেকচারে।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিরীন হক, পুত্র বারিশ হাসান চৌধুরী। এ ছাড়া মানবাধিকারকর্মী খুশী কবির, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, নারী অধিকারকর্মী ফেরদৌস আজিমসহ গণস্বাস্থ্য নগর হাসপাতাল, সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী ও দৃকের শুভানুধ্যায়ীদের আগমনে হলঘর ভরে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত