সাজেকের পথে ঢাবি ছাত্রী অপহরণ, ৭ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ এএম

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেক যাওয়ার পথে অপহরণের শিকার হওয়ার সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে। তার নাম দীপিতা চাকমা। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উদয়পুর সীমান্ত থেকে তাকে উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩০ শিক্ষার্থীর একটি দলের সঙ্গে সাজেক যাচ্ছিলেন দীপিতা। পথে রুইলুইপাড়া পর্যটন কেন্দ্রের কাছে জিরো মাইল এলাকায় অস্ত্রধারীরা তাদের গাড়ি থামায়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে দীপিতাকে তুলে গহিন পাহাড়ি জঙ্গলে নিয়ে যায়। তার বন্ধুরা সাজেকে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীপিতাকে উদ্ধারে কাজ শুরু করেন। দীপিতার বাড়ি খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুরে। ঢাবির লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত তিনি।

জানা গেছে, ঢাবির লোকপ্রশাসন বিভাগের ৪০ শিক্ষার্থীর একটি দল মঙ্গলবার রাতে সাজেকের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়। তাদের সঙ্গে বিভাগের একজন শিক্ষকও ছিলেন। গতকাল সাজেকে ঢোকার পথে দীপিতাকে অপহরণ করা হয়।

বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, ‘উদয়পুর সীমান্ত থেকে ঢাবি ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে সাজেক থানার নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ঢাবির লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌস আরফিনা ওসমান বলেন, ‘আমরা খুবই চিন্তিত ছিলাম। পুলিশের সহযোগিতায় দীপিতাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত