ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাসপাতালে বিশ্ববিদ্যালয় ছাত্র

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০ এএম

রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শামসুর রহমান (২০) নামে ওই ছাত্রের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামসুর পরিবারের সঙ্গে মিরপুর ২ নম্বর সেকশন এলাকায় থাকেন। তার মা শামসুন্নাহার বেগম জানান, শামসুর আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিভাগের প্রথম বর্ষে পড়ে। ধানম-ির সিটি কলেজের পাশে কম্পিউটার কোর্স করে। সেখান থেকে বাসায় ফেরার পথে ধানম-ি এলাকার কোনো এক স্থানে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে এক রিকশাচালক তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে পরিবারের লোকজন তাকে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শামসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

৬ ছিনতাইকারী গ্রেপ্তার : রাজধানীতে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বুধবার বংশাল ও কোতোয়ালি এলাকায় আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০-এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার নয়াবাজার ফুটওভার ব্রিজসংলগ্ন এলাকা থেকে  গ্রেপ্তার তিনজন হলো মো. ফিরোজ খান, মো. বিল্লাল হোসেন ও মো. মোবারক হোসেন। নয়াবাজার নবাব ইউসুফ রোড এলাকায় অভিযান  চালিয়ে  গ্রেপ্তার করা হয় তিনজনকে। তারা হলো মো. রাসেল, মো. আমিনুর মিয়া ও মো. মহিনউদ্দিন। তাদের কাছ থেকে একটি ফোল্ডিং চাকু, দুটি ছুরি, দুটি মোবাইল ফোন ও ৫০০ টাকা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত