পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসায় আলো দেখাচ্ছে এআই

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম

বিশ্বের পুরুষ জনসংখ্যার ৭ শতাংশ বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছে। এই সমস্যা সমাধানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যার তৈরি করেছেন অস্ট্রেলিয়ার এক গবেষক ও তার দল। খবর বিবিসির।

ড. স্টিফেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির (ইউটিএস) একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেডিকেল সংস্থা নিওজেনিক্স বায়োসায়েন্সের প্রতিষ্ঠাতা। ভ্যাসিলেস্কু জানিয়েছেন, তিনি এবং তার দল যে এআই সফটওয়্যার তৈরি করেছেন তা মারাত্মকভাবে বন্ধ্যা পুরুষদের অণ্ডকোষ থেকে নেওয়া নমুনায় উচ্চ প্রশিক্ষিত মানুষের চেয়েও হাজার গুণ দ্রুত শুক্রাণু শনাক্ত করতে পারে।

তিনি বলেন, ‘সংগ্রহ করা নমুনাতে কী দেখা যাচ্ছে মানুষের পক্ষে তা বোঝার আগেই এই এআই প্রোগ্রামটি সম্ভাব্য স্বাস্থ্যকর শুক্রাণু হাইলাইট করতে পারে।’

ভ্যাসিলেস্কু এবং তার দল যে সিস্টেমটি তৈরি করেছেন তার নাম স্পার্মসার্চ। যে পুরুষদের বীর্যপাতের পর বীর্যে শুক্রাণুর উপস্থিতি থাকে না তাদের সহায়তা করার জন্য এই সিস্টেমটি ডিজাইন করা হয়েছে। এই অবস্থাকে বলা হয় নন-অবস্ট্রাকটিভ অ্যাজুস্পার্মিয়া (এনওএ)। বন্ধ্যাত্বে আক্রান্ত ১০ শতাংশ পুরুষের এ সমস্যা রয়েছে।

সাধারণত এই ক্ষেত্রে অণ্ডকোষের একটি ছোট অংশ অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে পরীক্ষাগারে নেওয়া হয়। সেখানে একজন ভ্রূণবিশেষজ্ঞ নমুনায় স্বাস্থ্যকর শুক্রাণু অনুসন্ধান করেন। ল্যাবে টিস্যুটি আলাদা করে একটি মাইক্রোস্কোপের নীচে পরীক্ষা করা হয়। যদি কোনও স্বাস্থ্যকর শুক্রাণু পাওয়া যায় তবে সেগুলো বের করে ডিম্বাণুতে ঢুকিয়ে দেওয়া হয়।

ড. ভ্যাসিলেস্কু বলেন, এই প্রক্রিয়ায় একাধিক কর্মীকে ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতে পারে। এ ক্ষেত্রে ক্লান্তি এবং ভুল শুক্রাণু পর্যবেক্ষণের ঝুঁকি থেকে যায়। কারণ হিসেবে তিনি বলেন, যখন একজন ভ্রূণবিজ্ঞানী মাইক্রোস্কোপের নিচে নমুনা পরীক্ষা করেন, তখন তিনি সেখানে আকাশে ছড়ানো নক্ষত্রের মতো করে অসংখ্য কোষ দেখতে পান।

ভ্যাসিলেস্কু আরও বলেন, এর মধ্যে রক্ত এবং টিস্যু থাকে। পুরো জিনিসটার মধ্যে মাত্র ১০টা শুক্রাণু থাকতে পারে, বাকি লাখ লাখ হয়তো অন্যান্য কোষ থাকতে পারে। অন্যদিকে স্পার্মসার্চ কয়েক সেকেন্ডের মধ্যে সেখান থেকে স্বাস্থ্যকর শুক্রাণু খুঁজে পেতে পারে। আর সঙ্গে সঙ্গে এর ছবি কম্পিউটারে আপলোড করে দেয়।

এভাবে কমপ্লেক্স টিস্যু নমুনা থেকে স্বাস্থ্যকর শুক্রাণু খুঁজে পাওয়ার প্রশিক্ষণ দিতে ডা. ভ্যাসিলেস্কু এবং তার টিম এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে এই জাতীয় হাজার হাজার ছবি দেখিয়েছে।

সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং টিম এক প্রকাশিত গবেষণাপত্রে বলেছে, শুক্রাণু অনুসন্ধানের এই পরীক্ষাটি অভিজ্ঞ যেকোনো ভ্রূণ বিজ্ঞানীর চেয়ে এক হাজার গুণ দ্রুত। তবে এই স্পার্মসার্চ এআই কোনোভাবেই ভ্রূণবিজ্ঞানীদের প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয়নি বরং তাদের সহায়তার জন্য তৈরি করা হয়েছে এটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত