ব্রহ্মাস্ত্র নিয়ে গুজব উড়িয়ে দিলেন নির্মাতা অয়ন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

২০২২ সালে মুক্তি পেয়েছিল ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিবা। প্রায় পাঁচ বছর ধরে তৈরি হয়েছিল সেই সিনেমা। গত বছরে বলিউডের সবচেয়ে বেশি উপার্জিত ছবিও ছিল আলিয়া-রণবীরের এই সিনেমা। পরিচালনা করেছেন অয়ন মুখোপাধ্যায়। তিনটি কিস্তির এই ট্রিলজির বাকি দুটি কিস্তি আসার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তবে কিছুদিন আগে গুজব ছড়িয়ে পড়ে যে ছবির দ্বিতীয় ও তৃতীয় কিস্তি আসবে না। অবশেষে এই গুজব উড়িয়ে দিলেন অয়ন নিজেই। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির এক বছর উপলক্ষে অয়ন মুখার্জি ও করণ জোহর ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছেন শনিবার। সেখানে তারা দুজনেই জানিয়েছেন এই ছবির দ্বিতীয় ও তৃতীয় কিস্তির কাজ চলছে। অয়ন ‘ব্রহ্মাস্ত্র’র কিছু দৃশ্যের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ৯ সেপ্টেম্বর ২০২২-এ অ্যাস্ত্রার দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। ১ বছর হয়ে গেল। ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় ও তৃতীয় কিস্তির কাজ চলছে।’

করণ জোহরের শেয়ার করা পোস্টে লেখা হয়েছে, আজ এক বছর হলো আমাদের ভালোবাসার পরিশ্রমের। সত্যি এক অভিজ্ঞতাযাত্রা গল্প, যা হৃদয় ও আত্মা থেকে বলা হয়েছে। এই ভালোবাসা ও আলোর শক্তি আরও উজ্জ্বল হয়ে জ্বলতেই থাকবে। অয়ন ও করণ জোহরের পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে ভক্তদের ভালোবাসায়। এক ভক্ত লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র টুয়ের অপেক্ষায় আছি অয়ন স্যার।’ আরেকজন লিখেছেন, ‘স্ক্রিনপ্লে ও সংলাপ দুর্বল ছিল, তবুও দ্বিতীয় ও তৃতীয় কিস্তির অপেক্ষায় আছি।’ ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিবা বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপি আয় করেছিল। মূল চরিত্রে ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। অতিথি চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত