একনজরে আজকের দেশ রূপান্তর (১৩ সেপ্টেম্বর)

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ এএম

‘রাজনৈতিক গুরুত্বে’ বিচারে তাড়া

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতি এখন অনেকাংশে আদালতকেন্দ্রিক। আওয়ামী লীগের নেতৃত্বে সরকার চলছে। সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতাদের নামে মামলার বিচার শুরুর আদেশ আসছে আদালতের কর্মদিবসগুলোতে। দুর্নীতি, নাশকতার উল্লেখযোগ্য সংখ্যক মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। অভিযোগ প্রমাণিত হলে বিএনপির অনেক শীর্ষ নেতার সাজা হতে পারে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা মামলার শিগগির নিষ্পত্তি হতে পারে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রায় হতে যাচ্ছে মানবাধিকার সংগঠন অধিকারের দুই শীর্ষ ব্যক্তির। আগামী দুই মাস গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারবিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মামলা, শুনানি ও রায় নিয়ে গরম থাকবে আদালতপাড়া।

বিস্তারিত পড়ুন


কেজি থেকে গ্রামে নেমেছে ফল

বর্ধমান পণ্যমূল্যের কারণে সংসারের ঘানি টানতে হিমশিম খেতে হচ্ছে ফল ব্যবসায়ী হাবিবুল্লাকে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত হরেক রকমের ফল বিক্রি করে সংসার চালান তিনি। নানান ফলের পসরা সাজিয়ে অন্যের চাহিদা মেটালেও সর্বশেষ কবে তিনি নিজ পরিবারের সদস্যদের সঙ্গে ফল ভাগ করে খেয়েছেন, তা জানেন না। এভাবেই কথাগুলো বলছিলেন কারওয়ান বাজারের এই ফল ব্যবসায়ী।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আগের মতো ব্যবসায় লাভ হয় না। ডলারের বাজারে ওঠানামার সঙ্গে ফলের বাজার জড়িয়ে আছে। ডলারের দাম বাড়লে আমদানির ফলেরও দাম বাড়ে। এখন সব পণ্যের দামই বাড়তির দিকে, নতুন করে বিলাতি ফলের দাম বাড়ায় গ্রাহকরা দেশি ফলে আকৃষ্ট হচ্ছেন। চাহিদা বাড়ায় মৌসুমি ফলেরও চড়া দাম। তাই সাধারণ ক্রেতারা খুচরায় ফল কিনছেন।’

বিস্তারিত পড়ুন


খাবারে ভনভন করে মাছি

প্রতিষ্ঠার একযুগ পেরিয়ে গেলেও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরিবেশ গড়ে ওঠেনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়। মানসম্পন্ন খাবারের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিরাপদ খাবার পানি ও স্যানিটেশনের অভাবসহ নানান সমস্যায় জর্জরিত যবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া। শিক্ষার্থীরা বাধ্য হয়ে স্বাস্থ্যঝুঁকি নিয়েই খাচ্ছেন ক্যাফেটেরিয়ার অস্বাস্থ্যকর খাবার। এ বিষয়ে যবিপ্রবি প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে লেখালেখি হলেও মেলেনি সমাধান।

বিস্তারিত পড়ুন


সাফল্যের পর বিতর্কের মুখে মোদি

ভারতে জি-২০ সম্মেলন শুরুর আগে লোগোতে পদ্মফুল কেন, এমন প্রশ্ন তুলেছিল ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিরোধীরা। কিন্তু বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মোদি দেখান ম্যাজিক। তার প্রস্তাবে জি-২০ জোটে এসেছে আফ্রিকান ইউনিয়ন। এ ছাড়া জি-২০ শীর্ষ সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ সংক্রান্ত রেকর্ড পরিমাণ বিষয়ে ঐকমত্যে গৃহীত হয় ‘দিল্লি ঘোষণা’। যে ঘোষণায় ইউক্রেন বাদে যুক্তরাষ্ট্র-রাশিয়াসহ সব দেশ সন্তোষ প্রকাশ করে। কিন্তু সম্মেলন শেষ হতে না হতেই ঘরে-বাইরে বিতর্কের মুখে পড়েছে মোদির সাফল্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সংবাদ সম্মেলনে কথা বলতে না দেওয়ার অভিযোগের পর এবার সম্মেলন ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।

বিস্তারিত পড়ুন


চীনের ঋণে আধুনিক হবে মোংলা বন্দর

মোংলা সমুদ্রবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এ বন্দর আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আধুনিক বন্দর সুবিধাসহ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সুবিধা বাড়লে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করে সরকার। এজন্য ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৮৩ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ৭৮২ কোটি টাকার ঋণ দেবে চীন। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, এটি চীন সরকারের জিটুজি ঋণ। প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে, চলতি বছরের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত।

বিস্তারিত পড়ুন


হারুন ইস্যুতে স্বস্তি ও প্রশ্ন

সরকারবিরোধী ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, আইনজীবী, চিকিৎসককেউ বাদ যাননি। আন্দোলন করতে আসা সবাইকে পিটিয়েছেন রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদ। এমনকি বাদ যাননি তার সহকর্মী পুলিশ সদস্য ও সাংবাদিকরাও। এসব কর্মকাণ্ডের কারণে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হলেও তার বিরুদ্ধে কখনোই ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ ছাত্রলীগ নেতাদের পেটানোর ঘটনায় প্রথমে প্রত্যাহার এবং পরে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। এতে যেমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে স্বস্তি মিলছে ছাত্রলীগে, তেমনি আক্ষেপ, প্রশ্ন থাকলেও কিছুটা স্বস্তি ফিরেছে বিরোধী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝে।

বিস্তারিত পড়ুন


শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোট মেয়ে শেখ রেহানার ৬৯তম জন্মদিন আজ। তিনি ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার মিটফোর্ড হাসপাতালে জন্মগ্রহণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে তার দুই কন্যা ছাড়া বঙ্গবন্ধুর পুরো পরিবারকে কিছু বিপথগামী সেনাসদস্য নির্মমভাবে হত্যা করে। সেসময় শেখ রেহানা তার বড় বোন শেখ হাসিনার সঙ্গে পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনিও পরিবারের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধানমন্ডিতে গৃহবন্দি ছিলেন।

বিস্তারিত পড়ুন


সাগরতলে সোনার ডিম!

এ যেন রূপকথার গল্প সত্যি হওয়ার মতো ঘটনা। সোনার ডিমেরই সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তাও আবার মাটিতে নয়, একেবারে সাগরের তলদেশে। তবে এ বস্তুটি আসলেই সোনার ডিম নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হতে পারেননি তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সাগরের তলদেশে অনুসন্ধানের জন্য একটি দল পাঠায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। গত ৩০ আগস্ট তাদের এই দলটি সাগরের প্রায় সাড়ে ৩ হাজার মিটার (সাড়ে ৩ কিলোমিটার) নিচে রহস্যময় বস্তুটির সন্ধান পেয়েছে। ডিম আকৃতির সোনালি রঙের বস্তুটির ব্যাস ৪ ইঞ্চি। যার নিচের দিকে ছোট একটা দেখা গেছে।

বিস্তারিত পড়ুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত