মেয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাবা গ্রেপ্তার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

গত বছর ইরানে হিজাব পরিধানের বিধান লঙ্ঘনের অভিযোগে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে দেশটির নৈতিকতা পুলিশ। এরপর তাদের হেফাজতে থাকাকালীন ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয় আমিনির।

আর মেয়ের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনই আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন মাহসা আমিনির বাবা। তবে তা অল্প সময়ের জন্য়, মাহসার বাবাকে গ্রেপ্তারের পর আবার ছেড়ে দিয়েছে দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

এদিকে আমিনির বাবা আমজাদ আমিনিকে ছেড়ে দেওয়ার সময় নিরাপত্তা বাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে তার মেয়েকে নিয়ে যেন কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন না করা হয়, এমনটাই জানিয়েছে মানবাধিকার সংস্থা কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্ক।

এ ছাড়া আমিনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেশটির পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থেকে দেশটিতে মাহশা স্মরণে যে কোন ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে প্রশাসন।

তবে মাহসা আমিনির বাবাকে গ্রেপ্তার করার কথা অস্বীকার করেছে প্রশাসন। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা নিউজ জানিয়েছে, মাহসা আমিনির বাবাকে গ্রেপ্তার করা হয়নি। এ ছাড়া তাকে কোনো ধরনের হুঁশিয়ারি দেয়া হয়েছে কিনা সেটি জানায়নি ইরনা নিউজ।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকজন জানান, মাহসা আমিনির বাড়ির সামনে অস্ত্রসস্ত্রসহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত