ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষিত ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল শনিবার তিনি দুটি ওয়ার্ড পরিদর্শন করে ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছেন। ওই দুটি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে ‘রেড জোন’ ঘোষণা করে ডিএসসিসি।
পরিদর্শন শেষে মেয়র তাপস বলেন, ‘আমরা উৎস নিধনের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম গতিশীল রেখেছি, বেগবান করেছি। এর ফলে গত এক মাস ধরে রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে, ঢাকায় এখন ডেঙ্গু রোগীর সংখ্যা স্থিতিশীল। এখন ডিএসসিসি এলাকায় ৫০, ৫২ ও ৫৪ জন করে রোগী
পাওয়া যাচ্ছে।’
মেয়র তাপস বলেন, এর আগে ডিএসসিসির ৫, ২২, ২৩ ও ৬০ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। সে ওয়ার্ডের প্রচার-প্রচারণা, চিরুনি অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে; বর্তমানে সেসব ওয়ার্ডে রোগীর সংখ্যা অনেক কমে এসেছে।
ডেঙ্গুর ‘রেড জোন’ পরিদর্শন কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, ১৪ নম্বর ওয়ার্ডের ইলিয়াছুর রহমান প্রমুখ।
