পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘যেকোনো সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। বিগত সময়ের চেয়ে এখনকার পুলিশ অনেক শক্তিশালী। তারা (নির্বাচন কমিশন) আমাদের যেভাবে বলবে, ঠিক সেভাবে আমরা কাজ করে যাব।’ গতকাল সোমবার দুপুরে রংপুর শিল্পকল্পা একাডেমি মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন (আরপিএমপি) পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে জঙ্গিবাদের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এ নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। তারা (জঙ্গিরা) যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তার আগেই আমরা তাদের প্রতিহত করছি।
পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জঙ্গিরা সমবেত হওয়ার আগেই পুলিশ এগিয়ে থাকে। দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা শেষে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এরপর পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এর আগে সকালে নগরীর সুরভি উদ্যানের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সুধী সমাবেশে একত্রিত হয়।
