রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ এএম

রাজধানীর ওয়ারী মেথর পট্টি এলাকায় ময়লার ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তায় খনন কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ার হোসেন (২২)। তিনি ঠিকাদারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাজ করতেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা দুই সহকর্মী মো. হোসেন মিয়া ও আজিজুর রহমান জানান, তারা থাকেন ওয়ারী জয়কালী মন্দির সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের নিচে ঝুপড়ি ঘরে। ঠিকাদারের মাধ্যমে তারা সিটি করপোরেশনের শ্রমিক হিসেবে কাজ করেন। গতকাল সকাল থেকে ওয়ারী মেথর পট্টির একটি গলিতে ময়লার ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তা কাটার কাজ করছিলেন। শাবল দিয়ে দেলোয়ার রাস্তা কাটার সময় রাস্তার নিচে থাকা বিদ্যুতের তার কেটে যায়। তখন সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন দেলোয়ার, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পরপরই চিকিৎসক তাকে মৃত বলে জানান।

সহকর্মীরা আরও জানান, তার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলান গ্রামে।  দুই মাস যাবৎ দেলোয়ার তাদের সঙ্গে শ্রমিকের কাজ করে এসেছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তদন্তের জন্য ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত