বাসচাপায় নিহত ২, ধাওয়া করে আগুন দিল ক্ষুব্ধ জনতা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ইজিবাইকে থাকা আরও চারজন। এ সময় ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় মহাসড়কের ১ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

ভাঙা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আবু নোমান জানান, শুক্রবার ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দাশেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক যাত্রী কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের আকমাল শেখের স্ত্রী রানু বেগম (৬০) ও একই ইউনিয়নের আব্দুল হকের ছেলে হায়াত শেখ (৬৫)। আহতরা হলেন একই ইউনিয়নের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জাবেদা (৪৫) ও খুকি বেগম (৪৭)। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪৫৯৯৪) খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকার বিকে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে কাশিয়ানী থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের প্রায় এক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আবু নোমান আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একজনের মৃত্যু হয়। মহাসড়কে বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত