আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, পদসৃজনে জটিলতা কাটানোসহ বিভিন্ন দাবিতে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছেন। গতকাল সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন তারা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র সরকার বলেন, শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মস্থলে উপস্থিত থেকেও কোনো কাজে অংশগ্রহণ করেননি। কলেজগুলোতে ক্লাস, পরীক্ষা, ভর্তিসহ সব কাজ বন্ধ ছিল। দপ্তরগুলোতে দাপ্তরিক সব কাজ থেকে বিরত ছিলেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।
শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্যান্য দাবিগুলো হলো অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার, জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন সৃষ্টি ও প্রয়োজনীয় পদসৃজন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বানে সারা দেশের সরকারি কলেজ, সরকারি টিটি কলেজ, সরকারি মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড, নায়েম, এনসিটিবিসহ শিক্ষা সংশ্লিষ্ট সব দপ্তর ও অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডারের সব কর্মকর্তা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। দাবিগুলো পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে।
