হ্যাকারের কবলে ফাহমিদা নবী

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১০:৫৫ পিএম

হ্যাকারের কবলে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার দুটি পেজ ‘ফাহমিদা নবী’ ও ‘ফাহমিদা নবীস ডায়েরী’ হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এ নিয়ে ভীষণ মন খারাপ এই শিল্পীর। ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই শিল্পী লিখেছেন, ‘আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেজ হ্যাক হয়েছে। এ মুহূর্তে এই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্টস বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।’ পেজ দুটি উদ্ধারে আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাইবেন বলে জানান ফাহমিদা নবী। তিনি বলেন, ‘কিছুদিন ধরে অন্য একটি মেইল আইডি থেকে নানাভাবে আমাকে ডিস্টার্ব করছিল, বিষয়টা আমি ওভাবে বুঝতে পারিনি। এরপর দেখলাম, রবিবার থেকে পেজ আমার নিয়ন্ত্রণে নেই। শুরুতে তো আমি বুঝতেও পারছিলাম না, আসলে কী হচ্ছে। ভাবছি আজ লিখব, যে পেজে আমি এত দিন মনের সব কথা লিখতাম, আজ না-হয় আমার প্রোফাইলে লিখব। লেখা তো আর থামিয়ে দিতে পারবে না কেউ। পেজ হ্যাক করছে, মনকে তো হ্যাক করতে পারবে না। মন তো বিবাগী।’ জানা গেছে, ২০১৭ সালে ফাহমিদা নবীস ডায়েরী পেজ চালু করেন ফাহমিদা নবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত