চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপ-পরিচালক এস এম শহীদুল্লাহ (৬৭) মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করতে যাওয়া দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে তাদের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
দুই পুলিশ সদস্য হলেন, চান্দগাঁও থানার এএসআই মো. ইউসুফ আলী ও এএসআই এটিএম সোহেল রানা।
গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ হেফাজতে মারা যাওয়া এস এম শহীদুল্লাহর ছেলে নাফিজ শহীদ অভিযোগ করেছিলেন, রাত সাড়ে ১১টার দিকে সাদা পোশাকে চান্দগাঁও থানা পুলিশের দুই এএসআই তার বাবাকে বাসা থেকে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যান। পরে তারা জানতে পারেন, মারামারির একটি মামলায় ওয়ারেন্টমূলে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা হার্টের রোগী। থানায় নিয়ে যাওয়ার তাকে ইনহেলার দিতে দেয়নি পুলিশ। পুলিশ তার বাবাকে হত্যা করেছে।
