স্কলাসটিকার মিরপুর সিনিয়র শাখায় মঞ্চস্থ হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ নাটক। স্কুলের এসটিএম মিলনায়তনে দুদিনের এ বার্ষিক নাট্যানুষ্ঠান গতকাল শুক্রবার শেষ হয়। নাটক, সংগীত ও নৃত্যকলা ক্লাবের শিক্ষার্থীরা এ নাটক মঞ্চায়নের আয়োজন করে।
নাট্যানুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা এবং শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আজম। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্কুলের মিরপুর সিনিয়র শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার।
পুরাতনকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার ডাক দেওয়া ‘তাসের দেশ’ নাটকটির নির্দেশনায় ছিলেন সানী ঘোষ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বর্ণিল মুর্ছনা, অনন্যা অদ্রী যারা, নুসাইবা নাশিতা রাহমান, তাজিম তাজোয়ার, মাহাদী হাসান মুহিত, স্বাগতা ভৌমিক রায়, নুহা নাজনীন, তাওহীদ সরকার, আদ্রিয়ান প্রাঞ্জল ও আব্দুল্লাহ আল রাফি প্রমুখ। নাটকটির সংগীত পরিচালনা করেন শুভ কর্মকার এবং নৃত্য পরিচালনায় ছিলেন শাম্মী ইয়াসমিন ঝিনুক ও তানজিলা মেঘলা।
বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এ চমৎকার নাট্যানুষ্ঠান উপভোগ করে। বিজ্ঞপ্তি
