দাম্পত্য জীবনের দুই দশকে পদার্পণ করেছেন তারকা জুটি মোশাররফ করিম ও রোবেনা করিম জুঁই। চার বছর প্রেমের পর ২০০৪ সালের আজকের এই দিনে (০৭ অক্টোবর) বিয়ে করেন তারা।
শনিবার সোশ্যালে জুঁই একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শুভস্থায়ী ঝগড়ার সাথি পাওয়া দিবস। শুভস্থায়ী ভালবাসার সাথি পাওয়া দিবস। ১৯ বছর যাবৎ এভাবেই ভূতের মতো ঘাড়ে চড়ে বসে আছি, থাকব। কোনো ওঝাই যেন তোমার ঘাড় থেকে আমাকে নামাতে না পারে। ঘৃণামিশ্রিত ভালোবাসার সহিত শুভ ১৯তম বিবাহবার্ষিকী।’
২০০০ সালে যখন মোশাররফ এতটাও জনপ্রিয় না তখন জুঁইয়ের সঙ্গে পরিচয়। তারপর প্রেম, প্রেম থেকে বিয়ে। বর্তমানে তাদের ঘরে এক ছেলেসন্তান রয়েছে। ছেলের নাম রোবেন রায়ান করিম।
স্ত্রী, সন্তান নিয়ে যৌথ পরিবারে বসবাস করেন তিনি। রোবেনের বয়স ১৪ বছর। স্ত্রীকে ভীষণ ভালোবাসেন মোশাররফ। শুটিংয়ে যাওয়ার সময় মাঝেমধ্যে স্ত্রীকেও সঙ্গে নিতেন তিনি। দুজনে একসঙ্গে বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। তারকা স্বামীর পাশাপাশি বর্তমানে জুঁইও টেলভিশন পর্দায় ব্যস্ত অভিনেত্রী হয়ে উঠছেন। অভিনয়ের পাশাপাশি ছেলে রোবেনের পড়ালেখাসহ যাবতীয় বিষয়গুলোতেও স্ত্রী জুঁই বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। এখন তারা বেশ সুখী দাম্পত্য জীবন পার করছেন।
