মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির সাথে জড়িত থাকায় দুই ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে ২টি ট্রাকে ৪৭ টন বা ৯৪৯ বস্তা সার পাচার করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ অক্টোবর) গভীর রাতে সাটুরিয়া-মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে ওই সার বোঝাই ট্রাক দুটি জব্দ করে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ট্রাক চালকরা হচ্ছেন, মানিকগঞ্জ সদর উপজেলার কৃঞ্চপুর এলাকার বিশু বেপারীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং মাদারীপুরের কালকিনি এলাকার রহমান শিকদারের ছেলে আ. সালাম হোসেন (৪০)।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, সোমবার রাতে সাটুরিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে সাটুরিয়া মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে দুইটি সার ভর্তি ট্রাক আটক করে। সারের কাগজপত্র দেখতে চাইলে তারা দুইটি চালান প্রদর্শন করে। চালান পর্যালোচনা করে দেখা যায়, গাড়িতে বোঝাইকৃত সার বিএডিসি মানিকগঞ্জ গোদাম হতে সার ক্রয়কারী ডিলার কালিয়াকৈর গাজীপুরে নিয়ে যাচ্ছে, তবে গোদামের কর্মকর্তা কর্মচারীর একটি স্বাক্ষর থাকলেও নাম পদবী ও সীল ব্যবহার করে নাই। পরে সর্বমোট ৯৪৯ বস্তা সারসহ ট্রাক দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। সারের আনুমানিক মূল ১০ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা।
তিনি আরও বলেন, সাব ডিলার এবং মানিকগঞ্জ বিএডিসি গোদামের কর্মরত অজ্ঞাতনামা কর্মকর্তা কর্মচারীগণ সরকারি সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির মাধ্যমে পাচার করার অপরাধে তাদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা করা হয়েছে। আর ট্রাক চালকদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।
