পেঁয়াজ ব্যবসায়ীর ছদ্মবেশে অনলাইনে জুয়া

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০২:০৫ এএম

অবৈধ অনলাইন জুয়ার আসর পরিচালনা করে অর্থ পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা পেঁয়াজ ব্যবসায়ীর ছদ্মবেশে ঢাকা ও কুমিল্লায় বসে জুয়ার সাইট নিয়ন্ত্রণ করত। তাদের পরিচালিত অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার হতো বলে জানিয়েছে সিআইডি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিআইডির মুখপাত্র আজাদ রহমান।

এর আগে গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলোÑ মো. মাহবুবুল আলম (৩০), লোকমান হোসেন ওরফে রায়হান (২৫), মো. হাসিবুর রহমান (২৬) ও মো. সুমন আলী (২৬)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ২৭টি সিম, পাঁচটি এজেন্ট সিম, ৫ লাখ ৩৯ হাজার টাকা এবং ৪ লাখ ২০ হাজার ডিজিটাল মানি (ই-মানি) উদ্ধার করা হয়।

সিআইডি জানায়, দেশে চলা বেটিং বা জুয়ার সাইটগুলো নিয়ন্ত্রণ করা হয় রাশিয়া থেকে। নিয়ন্ত্রণকারীরা বিভিন্ন দেশে স্থানীয়ভাবে ব্যবস্থাপক নিয়োগ দেয়। এমনই একজন সাদ্দাম। সে তার জুয়ার সাইট পরিচালনার জন্য গ্রেপ্তার হাসিবুর ও সুমনকে নিয়োগ দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তাদের বাসা ভাড়া করে দেয় সাদ্দাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত