বিয়েতে গিয়ে বাড়ি ফেরা হলো না তাদের!

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ এএম

বিয়েবাড়ি গিয়ে আর বাড়িতে ফেরা হলো না শাহিন মিয়া (৩৫) ও তাজউদ্দীন (৪৬) নামে দুই যুবকের। গতকাল শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে সদর উপজেলায় একটি বিয়েবাড়িতে যান তারা। ফেরার পথে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের আকবরপুর কৃষি গবেষণা কেন্দ্রের সামনে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক নিহত হন। শাহিন কমলগঞ্জের শ্রীনাথপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে ও তাজউদ্দিন ইসলামপুর ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই বলে জানা গেছে। এ ছাড়া রাজধানীর খিলক্ষেতে বাসচাপায় এক পথশিশু ও কামরাঙ্গীরচরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবক প্রাণ হারিয়েছেন।

স্থানীয়দের বরাতে মৌলভীবাজার সদর থানার ওসি হারুনুর রশীদ জানান, গতকাল কমলগঞ্জ পৌর এলাকার শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা সাগরের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেল নিয়ে মৌলভীবাজারে আসেন শাহিন মিয়া ও তাজউদ্দীন। ফেরার পথে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের আকবরপুর কৃষি গবেষণা কেন্দ্রের সামনে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তাজউদ্দিনের মৃত্যু হয়। আহত শাহিনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসচাপায় আহত হয় পথশিশু প্রিয়া (৮)। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুর রহমান বাদল জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লা মেরিডিয়ান হোটেলসংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই পথশিশু। তখন হঠাৎ রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয় সে। এ সময় প্রচেষ্টা পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহত ওই পথশিশুর সঙ্গে থাকা অন্য শিশুদের কাছে জানা গেছে, তারা ওই এলাকায় বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করে। প্রিয়া নামের ওই শিশুটির বাবা-মায়ের নাম বা ঠিকানা জানা যায়নি। এ দুর্ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যায় চালক। পরে বাসটি জব্দ করা হয়।

অন্যদিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার এসআই নুসরাত জাহান নুপুর জানান, সকালে কামরাঙ্গীরচর মাদবর বাজার লোহার ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। এতে দাঁড়িপাল্লা রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত