হাটহাজারীতে বাবুনগরী

সামর্থ্য থাকলে ফিলিস্তিনিদের সঙ্গে শরিক হতাম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ এএম

সামর্থ্য থাকলে ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতেন বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, ‘আমাদের যদি সামর্থ্য থাকত, তাহলে মজলুম ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে মিলে ইহুদিবাদী জালেম ও অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জিহাদে আমরাও শরিক হতাম। কারণ, প্রথম কিবলা মসজিদুল আকসা মুক্ত করা মুসলমানদের ইমানি দায়িত্ব। আমাদের যেহেতু সেই সুযোগ নেই, তাই আমরা তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি ও সমর্থন প্রকাশ করছি। গতকাল শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির আমির।

ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলের আগ্রাসন, হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদ এবং তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম।

হাটহাজারী নূর মসজিদের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মিছিলপূর্ব সমাবেশটি সঞ্চালনা করেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির সচিব মাওলানা এমরান সিকদার। সমাবেশে শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম চালাচ্ছে। ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে তাদের বাস্তুচ্যুত করে রেখেছে। একই সঙ্গে তাদের ওপর ধারাবাহিক নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধও।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত