প্রাইভেটকারে মিলল তিন হনুমান, আটক ২

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৫:১৫ পিএম

ফেনীতে বিরল প্রজাতির ৩টি হনুমানসহ ২ যুবকে আটক করেছে পুলিশ। ফেনী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা রবিবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এর আগে শনিবার (১৪ অক্টোবর) রাতে জেলার সদর উপজেলার কালিদহ ইউনিয়ন আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফেনীর সোনাগাজী বক্তারমুন্সি গ্রামের মৃত মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে সুজন (২৪) এবং নোয়াখালীর চাটখিল উপজেলার বেলিয়া গ্রামের শামসুল আলমের ছেলে শাকিল (২৫)।

থোয়াই অং প্রু মারমা জানান, ঘটনার রাতে ওই ইউনিয়নের লালপোলস্থ মুহুরী ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর পুলিশের চেকপোস্ট চলছিলো। এসময় চট্টগ্রাম হইতে ঢাকামুখী (ঢাকা মেট্টো খ-১২-৮৬৪৪) একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে বসার সিটে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কালো মুখ প্রজাতির ৩টি হনুমানসহ দুই যুবককে আটক করা হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক বন বিভাগ ফেনী সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, উদ্ধারকৃত হনুমানগুলো চট্টগ্রামের বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কক্সবাজার ডুলা হাজরা সাফারি পার্কে পাঠানো হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর (শনিবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতক্ষীরাগামী জিএস ট্রাভেল পরিবহণ থেকে মুখপোড়া ২টি হনুমান এবং ১৬টি কচ্ছপ উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত