না.গঞ্জে আইজিপি

সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০২:৪১ এএম

কোনো মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান রয়েছে। কোনো অপশক্তি আমাদের পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করলে আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব।’

গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পূজাম-প পরিদর্শনকালে এসব কথা বলেন পুলিশপ্রধান। তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন।

নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে প্রতি বছর সারা দেশ থেকে লাখ লাখ পুণ্যার্থী পুণ্যস্নানে আসেন।’

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পূজাকে কেন্দ্র করে আমরা কোনো শঙ্কা অনুভব করছি না। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পরে আইজিপি আমলাপাড়া পূজাম-প, শ্রীশ্রী বলদেব জিউর আখড়া ও শিবমন্দির পূজাম-প পরিদর্শন করেন। তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত