রিজভীর অভিযোগ

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতঙ্ক ছড়াচ্ছে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘আগামী ২৮ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু ‘তা সত্ত্বেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনমনে নানা আতঙ্কের বার্তা ছড়িয়ে দিচ্ছেন হুমকির মাধ্যমে। পাশাপাশি গত কয়েক দিন ধরেই চলছে নির্বিচারে গ্রেপ্তার। এসব করে কোনো লাভ হবে না।’ গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের কারণে নেতাকর্মীরা বাড়িঘর পরিবার পরিজন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। নেতাকর্মীদের যেখানে পাচ্ছে সেখানেই আটক করছে পুলিশ। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতারাসহ সর্বস্তরের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দেওয়া শুরু হয়েছে। গণতন্ত্রকামী জনগণের আন্দোলনকে দমন করতেই সরকার গ্রেপ্তার ও সাজা দেওয়ার পথ অবলম্বন করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত