মান বৃদ্ধি
ঘরোয়া লিগে উইকেটের মান বাড়াতে হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো যে ধরনের উইকেটে হয়, তার অন্তত কাছাকাছি মানের উইকেটে ঘরোয়া লিগ আয়োজন করতে হবে। জাতীয় দলের শীর্ষ খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, প্রতিদ্বন্দ্বিতার মান বাড়াতে হবে। প্রতিভা অন্বেষণে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে বয়সভিত্তিক পর্যায়ের পর পরিচর্যাটা হতে হবে মানসম্মত। হাই পারফরম্যান্স এবং এ দলের নিয়মিত দেশে ও বিদেশ সফর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে আন্তর্জাতিক পরিম-লের সঙ্গে ক্রিকেটাররা খাপ খাইয়ে নিতে পারেন সেই ব্যবস্থা রাখতে হবে। বার্ষিক সূচিতে টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হবে, যাতে ক্রিকেটাররা নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পান। সেই সঙ্গে তৃণমূলে, জেলা পর্যায়ে নিয়মিত ক্রিকেট লিগ আয়োজন করতে হবে।
পরিবর্তন সর্বত্র
এই ব্যর্থতার দায় নিতে হবে ক্রিকেট প্রশাসনকেও; বিশেষ করে নির্বাচকরা দায় এড়াতে পারেন না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন লম্বা সময় ধরে এই চেয়ারে, হাবিবুল বাশারেরও হয়ে গেছে লম্বা সময়। জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন-প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। সেই সঙ্গে কোচিং প্যানেলেও। ব্যর্থদের দায় নিয়ে সরতে হবে। যারা আগামী দিনে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, তাদের উপযুক্ত পদে নিয়ে আসতে হবে। কোচিং স্টাফে বিদেশিনির্ভরতা কমিয়ে এনে দেশীয় কোচদের প্রাধান্য দিতে হবে। জোর দিতে হবে ফিটনেসে, বাড়াতে হবে অনুশীলনের প্রখরতা। দলের মধ্যে সিনিয়র-জুনিয়র বিভাজন না টেনে যারা ফিট এবং পারফর্ম করবেন, তারাই থাকবেন, এমন ক্রিকেটারদেরই কেন্দ্রীয় চুক্তিতে এবং জাতীয় দলে রাখতে হবে। আর সব সিদ্ধান্তের মালিক বোর্ড সভাপতিকে নিতে হবে সবচেয়ে বেশি দায়।
আধুনিক চিন্তা
বাংলাদেশের ক্রিকেট চলে এখনো পুরনো পন্থায়। দেশের অনেক কিছু স্মার্ট এবং ডিজিটাল হলেও ক্রিকেট পড়ে আছে অ্যানালগ যুগে। ক্লাব এবং বিভাগীয় পর্যায়ে আধুনিক ক্রিকেট জ্ঞানের সঙ্গে জড়িত কোচদের নিয়োগ দিতে হবে, যাতে ক্রিকেটাররা তৈরি হয়ে জাতীয় দলে আসে। কোচদের বয়সভিত্তিক পর্যায়েই যুক্ত করতে হবে, যাতে তারা পর্যাপ্ত সময় পান ক্রিকেটারদের গড়ে তোলার। বাংলাদেশের ক্রিকেট কর্তারা হেড কোচকে দেখতে চান প্রশাসক হিসেবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সেই সঙ্গে যখন-তখন দলের সঙ্গে নানান ভূমিকায় একে-ওকে জুড়ে দেওয়ার চর্চাটাও বন্ধ করতে হবে। সংস্করণের ধরন অনুযায়ী খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক অনুশীলন করালে একটা সময় পর সুফল মিলবে।