যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করা মার্কিন নাগরিক জাহিদুল ইসলাম আরেফিকে কনস্যুলার সেবা দেওয়ার সুযোগ চেয়েছে দেশটির দূতাবাস। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক ব্রিফিংয়ের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আরেফির বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়েছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘হ্যাঁ, বলা হয়েছে।’
গত শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আরেফি। তিনি নিজের পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ হিসেবে। আরেফিকে গতকাল আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
