চলতি বিশ্বকাপে এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। এর মধ্যেই লঙ্কান ক্রিকেটে সঙ্গী আরেকটা দুঃসংবাদ। গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশটির ক্রিকেটের আইকনিক সমর্থক পার্সি আবেসেকেরা।
বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে চারটিই হেরেছে শ্রীলঙ্কা। সবশেষ সোমবার তারা হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। লঙ্কানদের এই হার অবশ্য দেখা হয়নি পার্সি আবেসেকেরার।
শ্রীলঙ্কা ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক ছিলেন এই পার্সি আবেসেকেরা। সেই যৌবন থেকে বার্ধক্য-বছরের পর বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় শ্রীলঙ্কার ম্যাচ মানেই মাঠে সমর্থন দিতে হাজির থাকতেন পার্সি। বয়সের ভারও তাকে কাবু করতে পারেনি। লঙ্কান ক্রিকেটের প্রথম সুপার ফ্যান ছিলেন। দেশে-বিদেশে যেখানেই শ্রীলঙ্কা খেলতে যেতো, হাজির হয়ে যেতেন।
গতকাল দুপুরে ৮৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমান এই ক্রিকেট অনুরাগী। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট মহলে। পার্সি আবেসেকেরা গোটা বিশ্বেই ‘আঙ্কেল পার্সি’ নামে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে শোকস্তব্ধ শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারেরাও। সনাৎ জয়াসুরিয়া, অর্জুন রাণাতুঙ্গা, কুমার সাঙ্গাকারা শোকবার্তা পাঠিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেও শোক জানিয়েছে। শোকবার্তা পাঠিয়েছে বিসিসিআইও।
