ঋণের কিস্তি নিতে গিয়ে গ্রাহকের পিটুনি খেলেন ব্যাংককর্মীরা

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

গ্রামে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করতে গিয়ে গ্রাহক ও তার সঙ্গীদের হাতে বন্দি হলেন ব্যাংককর্মীরা। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে আনে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের গোন্ডায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কিসান ক্রেডিট কার্ডে (কেসিসি) উত্তরপ্রদেশ গ্রামীণ ব্যাংকের বলপুর শাখা থেকে ঋণ নিয়েছিলেন সোনহারা গ্রামের বাসিন্দা ঘনশ্যাম। তার বিরুদ্ধে অভিযোগ, ঋণের বেশ কয়েকটি কিস্তি বাকি রেখেছিলেন তিনি। ব্যাংক থেকে সেই কিস্তি মেটানোর জন্য নোটিস পাঠানো হয়। কিন্তু তাতেও সাড়া দেননি ঘনশ্যাম।

এরপর গত সোমবার তার বাড়িতে হাজির হয় ব্যাংকের কয়েকজন কর্মী। কিস্তির টাকা নিতে ব্যাংককর্মীরা গ্রামে হাজির হয়েছেন, এ কথা সঙ্গীদের জানিয়ে দেন ঘনশ্যাম। একটু পর তার বাড়িতে ব্যাংককর্মীরা ঢুকতেই একদল লোক সেখানে হাজির হয়। তারা ব্যাংককর্মীদের ঘিরে ধরে শাসাতে থাকে।

একপর্যায়ে ব্যাংককর্মীদের গ্রাম ছাড়ার হুমকি দেওয়া হয়। বিষয়টির প্রতিবাদ জানাতেই ঘনশ্যামের নেতৃত্বে ব্যাংককর্মীদের লাঠি, রড দিয়ে বেধড়ক পিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। তবে শুধু পিটুনিই নয়, ব্যাংককর্মীদের একটি ঘরে বন্দিও করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গোন্ডার পুলিশ সুপার অঙ্কিত মিত্তল জানিয়েছেন, ঘনশ্যাম এবং তার সঙ্গীদের হামলায় ব্যাংককর্মীরা আহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত