জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের কোথাও সরকারের নিয়ন্ত্রণ আছে বলে টের পাই না।
আজ বুধবার জাতীয় সংসদে ‘ফাইনান্স কোম্পানি বিল-২০২৩’ পাসের আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইন মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।
বিল পাসের আলোচনায় অংশ নিয়ে জাপা মহাসচিব বলেন, ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকদের দাম বৃদ্ধির সংবাদে দেশে পেঁয়াজের কেজি ১৫০ টাকা হয়ে গেছে। বাংলাদেশে কোথাও সরকারের নিয়ন্ত্রণ আছে বলে আমরা টের পাই না।
তিনি বলেন, ‘ফাইন্যান্স কোম্পানির কথা মনে হলেই পিকে হালদার, যিনি এখন কলকাতায় আছেন... যিনি লিজিং কোম্পানির এমডি ছিলেন। বান্ধবীর নামে ১০০ কোটি, তিন নম্বর বান্ধবীর নামে ৫০ কোটি, স্ত্রীর নামে ১০০ কোটি, শালির নামে ৫০ কোটি... মানে শালি, বান্ধবী, স্ত্রীর নামে শত শত কোটি টাকা পাচার করেছেন। আইন তো ছিল, বাংলাদেশ ব্যাংক তো ছিল, তারা কি তখন ঘাস কেটেছিল?
জাপার এই সংসদ সদস্য বলেন, আইন করলে হবে না। আইনের প্রয়োগ না হলে লাভ কী। আমরা যখন মহাজোট করি তখন খেলাপি ঋণ ছিল ২১ হাজার কোটি টাকা। এখন এক লাখ ৩২ হাজার কোটি টাকা। ঋণও বাড়ছে, কিন্ত ব্যাংকের অবস্থা ভালো না। টাকা পাচার হচ্ছে। এটা আমার কথা না, সরকারি রিপোর্টে... বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে, বিভিন্ন সোর্স রিপোর্ট। এটার কোনো নিয়ন্ত্রণ না থাকলে... পাচার হয়ে যায়, লিজিং কোম্পানি মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করে, তাহলে আইন করে লাভ কী? বরং আইন না করে যেগুলো আছে তার বাস্তবায়ন করে, যাতে কোনো রকম দুর্নীতি না হয় তার জন্য সরকারের প্রচেষ্টা নেওয়া উচিত।
