গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বেতন-ভাতা বাড়ানোর দাবি

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম

আনসার ব্যাটালিয়নের সঙ্গে সঙ্গে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিকে নজর দিয়ে তাদের বেতন ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। জাতীয় সংসদের অধিবেশনে আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ পাসের আলোচনায় অংশ নিয়ে তারা এই দাবি জানান।

আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ পাসের প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে কণ্ঠ ভোটে বিলটি পাস হয়। এর আগে স্পিকার বিলের উপর আনীত জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন। গত ২৫ অক্টোবর সংসদে ওই বিলটি উত্থাপন করা হয়।

বিল পাসের আলোচনায় অংশ নিয়ে ফখরুল ইমাম বলেন, আনসার ব্যাটালিয়নে তিন নম্বর আইন রয়ে গেছে, ওই তিন নম্বর আইনে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার তিন লক্ষ এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যারা আছেন তাদের সংখ্যা ৬০ লক্ষ। এই ৬৩ লক্ষ আনসার বাহিনী কিন্তু অবহেলিত আছে। আমি অনুরোধ করছি, এই আইনটি নিয়ে আসুন তাদের বেতন ভাতা বাড়ান, যারা গ্রাম প্রতিরক্ষায় আছেন তারা মাত্র আড়াই হাজার টাকা পায় প্রতি মাসে, এটাতে কিছুই হয় না। কিন্তু তাদের কাজ অনেক, তারা জনসাধারণের পাশে থাকে এবং পাশে থেকে আইন-শৃঙ্খলার কাজে ব্যাস্ত থাকে। সুতরাং আনসার ব্যাটালিয়নের সঙ্গে সঙ্গে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিকে নজর দেন তাহলে আমাদের গ্রামের আইন শৃঙ্খলা, আমাদের দেশের উপকারে আসবে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের রেশনের পরিবর্তে নগদ অর্থ দেওয়া হচ্ছে, এটা সেনাবাহিনীর ইচ্ছা অনুসারেই দেওয়া হচ্ছে। এটা প্রতি বছরই রেশনের নিয়ম অনুযায়ী এটা বৃদ্ধি করা হচ্ছে। সেনা, নৌ ও বিমান বাহিনীতে এটা প্রচলিত আছে। পুলিশ এবং অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই বাহিনীতেও এটা প্রচলিত আছে। 

তিনি আরও বলেন, আনসারের আরও অনেক কাজ রয়েছে। ব্যাটালিয়ন আনসার, এটা মূলত তাদের উপর অর্পিত দায়িত্ব, যা দায়িত্ব দেওয়া হয়, রেগুলার আর্মি, পুলিশ, নেভী যেখানেই তাদের দায়িত্ব দেওয়া হয় সেখানেই তারা সহযোগী ফোর্স হিসেবে কাজ করে। তারা ভারী অন্ত্র থেকে সব ধরণের অস্ত্রই ব্যবহার করে। ফলে তাদের বিষয়গুলো বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে দেখছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত