মাসুদ বিন মোমেন পিটার হাসের রুদ্ধদ্বার বৈঠক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:২৭ এএম

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী ওই বৈঠক হয়। বৈঠকের বিষয়টি স্বীকার করলেও পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাস আলোচনার বিষয়ে চুপ।

তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডে ধারণা করা হচ্ছে, পররাষ্ট্র সচিব ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। তাদের মধ্যে দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে হয়তো যুক্তরাষ্ট্র তাদের কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির অবসান এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের গ্রহণযোগ্য পথ খুঁজতে বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। বাংলাদেশের বন্ধু-উন্নয়ন সহযোগী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সংলাপে বসে রাজনৈতিকবিরোধী মীমাংসা করতে সরকার ও বিরোধী দল এবং নির্বাচনী অংশীদের নিয়মিতভাবে উৎসাহিত করছেন। গত মঙ্গলবার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ আয়োজনের আহ্বান জানান।

মার্কিন দূতের সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব এক প্রশ্নের জবাবে গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, রাজনীতি ছাড়াও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট অনেক ইস্যু রয়েছে, যা নিয়ে আমরা কথা বলেছি।

এদিকে পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক বিষয়ে জানতে মার্কিন দূতাবাসে যোগাযোগ করা হলে গণমাধ্যমে পাঠানো বার্তায় মুখপাত্র বলেন, কূটনীতিক হিসেবে আমরা বিভিন্ন সংস্থা-সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তিপর্যায়ে কথা বলি। নাগরিক সমাজ এবং বেসরকারি সংস্থা, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা, চেম্বার অব কমার্স, রাজনৈতিক দল, শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বশীল ব্যক্তি, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। এসব যোগাযোগ বা আলাপ-আলোচনা বাংলাদেশ সম্পর্কে আরও ভালোভাবে আমাদের বুঝতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত