মেয়েটাকে আমরা বিয়ে দিতে চেয়েছিলাম সে পৃথিবী ছেড়ে চলে গেল : সিদ্দিক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

হুমায়রা হিমুর আকস্মিক মৃত্যুর খবরে শোকগ্রস্ত শিল্পীরা। মানতে পারছেন না এই মৃত্যু। শোকপ্রকাশ করলেন অভিনেতা সিদ্দিকও। 

আজ শুক্রবার সকালে ফেসবুকে হিমির সঙ্গে নিজের অভিনীত কয়েকটি নাটকের পোস্টার পোস্ট করেন সিদ্দিকুর রহমান। সেই জুড়ে দেন দীর্ঘ আগেবময় এক স্ট্যাটাস। তিনি লেখেন, ‘মৃত্যুটা কত সহজ। এক মিনিটে নাই ভরসা, এটা কথাটা আবারও প্রমাণ করলো অভিনেত্রী হুমায়রা হিমু।’

তিনি বলেন, ‘আমার অ্যালবামের ছবিগুলো সত্যিকারে ছবি হয়ে গেল। আমার মনে হয় আমার অভিনীত সবচাইতে বেশি নাটকের নায়িকা ছিলেন হুমায়রা হিমু। শুটিংয়ে দেখা হলেই বলতো ভাইয়া আমার মনে হয় বিয়ে হবে না কোনোদিন। বলতাম কেন রে? সবাই খালি তোমার সাথে যখন অভিনয়ে নেয়, আমাকে ঝগড়াটে চরিত্র দেয়। এইসব টেলিভিশনে দেখে সবাই ভাবে বাস্তবেও আমি বোধহয় একটা ঝগড়াটে মেয়ে। আর এমন একটা ঝগড়াটে মেয়েকে কে বিয়ে করবে বলো?

সিদ্দিক স্মৃতি শেয়ার করে বলেন, ‘আমি হাসতাম আর বলতাম আরে পাগল তোর বিয়ে হবে, সুন্দর একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো আমরা। আমি চিত্রলেখা দিদি, ডলি ভাবি, নাদিয়া, বন্ধু রুমি, দিলু ভাই, আশিক এবং পরিচালক সোহাগ কাজী অনেক মজা করতাম ওর বিয়ের বিষয় নিয়ে বউ বিরোধ নাটকের শুটিংয়ের সময়। অনেক হাসাহাসি করতাম আমরা।’

তিনি বলেন, ‘আজ এইসব কথা ভাবলেই অনেক খারাপ লাগে যে, মেয়েটাকে আমরা বিয়ে দিতে চেয়েছিলাম আজ সেই মেয়েটাই কিনা এ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। এটা কি মেনে নেয়া যায়? আর কখনো হুমায়রা হিমু বলবে না তার বিয়ের কথা।’

সিদ্দিকুর বলেন,‘বাবাকে হারিয়েছিল অনেক আগে। মা ছিল তার একমাত্র বন্ধু, জীবনের সঙ্গী। সেই মাকেও হারিয়েছে প্রায় বছর দুয়েক আগে। বড় একা ছিল সে। মা-মারা যাওয়ার পর থেকে শুটিং আসতো সবসময় লেট করে, আমরা জিজ্ঞাসা করলেই বলতো ভাইয়া একা থাকি, ঘুম থেকে উঠতে পারি না। পরিচালক এবং আমরা কিছু বলতাম না কারণ যখন অভিনয় শুরু করতো কিঞ্চিত পরিমাণে ভুল হতো না এই মেয়েটির, এক শট দ্বিতীয়বার দিতো না। পরিচালক হাসি দিয়ে বলতো ওকে হিমু আপু বা হিমু চলেন লাঞ্চ ব্রেক।’

হাহাকার প্রকাশ করে তিনি বলেন, ‘সারাক্ষণ মেকআপের টেবিলে, চেয়ারে বসে ফাঁক পেলে ঘুমিয়ে পড়তো। ধমকের সুরে বলতাম হিমু। সে বলতে বলো আমি কি ঘুমিয়েছি নাকি? চলো একবার রিহার্সেল করে নেই। চলো। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না হিমু সত্যি সত্যি ঘুমিয়ে গিয়েছে চিরজীবনের মতো, আর তাকে দেখতে পাবো না শুটিং সেটে।


এই অভিনেতা বলেন, ‘পরিচালক আর কমপ্লেন দেবে না হিমু সেটে আসে নাই সিদ্দিক ভাই। ওকে নিয়ে আর কোনো কথাই শুনতে হবে না আমাদের। তবে ফজরের নামাজের পর শুধু একটা কথাই বলতে চাই সবাইকে হুমায়রা হিমুর জন্য দোয়া করবেন। মা-মরা এতিম মেয়েটাকে যেন আল্লাহপাক ভালো রাখেন পরকালে এবং জান্নাতুল ফেরদৌসের নসিব করেন। আল্লাহপাক সবাইকে হেফাজত করুন।’

ইতোমধ্যে হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় রাফি নামের একজনকে গ্রেপ্তার করে র‍্যাব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত