নিজেই নিজের গাড়িতে আগুন দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

নিজেই নিজের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মুঈন দেওয়ান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সূত্রাপুর ইউনিয়নের বগাবাড়ির চকের একটি খালি স্থানে এমন কাণ্ড ঘটিয়েছেন।

মুঈন দেওয়ান কালিয়াকৈর উপজেলার বোডঘর কাঞ্চানপুর এলাকার ইব্রাহিম দেওয়ানের ছেলে। তিনি কালিয়াকৈর পৌর সেচ্ছাসেবকলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। এ ছাড়াও তিনি চন্দ্রা মুঈন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক। 

সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে টানা আন্দোলনের নামে গত মঙ্গলবার কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় উত্তেজিত শ্রমিকরা। ওইদিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসহ হাইওয়ে পুলিশ বক্স, পুলিশ ফাঁড়ি, যানবাহন, হাসপাতাল ও দোকানপাট ভাঙচুর করা হয়। একই দিনটি ছিল বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিন। ফলে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন মহলের অভিযোগ, শ্রমিকদের আড়ালে এ তাণ্ডব চালায় বিএনপি-জামায়াত। ওইদিন সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় অবরোধকারীরা স্বেচ্ছাসেবকলীগ নেতার ওপর হামলা চালায়। এসময় তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়েছে। ওই ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অংগসংগঠনের কোনো নেতাকর্মী তার খোঁজ-খবর নেননি। এই রাগে ও ক্ষোভে প্রতিবাদ হিসেবে নিজেই নিজের গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। 

মুঈন দেওয়ান অভিযোগ করে বলেন, ‘২০০৯ সাল থেকে ছাত্রলীগ করে আসছি। বর্তমানে আমি কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবকলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেব দায়িত্বরত। কিন্তু বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিনে আমার ওপর হামলা ও আমার গাড়ি ভাঙচুর করা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আমি আহত হয়েছি। অথচ দলীয় নেতাকর্মীরা আমার কোনো খবর নেয়নি। এর প্রতিবাদ হিসেবে আমি নিজের গাড়ি পুড়িয়ে দিয়েছি। তবে কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই।’ 

কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার বলেন, ‘মুঈন দেওয়ান আমাদের কমিটির কেউ নন। তবে কে কার গাড়ি কি কারণে পুড়িয়েছে- এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়।’ মুঈন দেওয়ানের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের বিব্রত করার জন্যই সে ওই ঘটনা ঘটিয়েছে।’ 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত