গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘আমরা মিডিয়া কন্ট্রোল করছি না, করবও না। তবে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।’
গতকাল শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টশন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার মান বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মাধ্যমে জেলা ও উপজেলাপর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু রাখা হয়েছে। পাশাপাশি প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে সাংবাদিকতার পেশাদারত্ব ও স্ট্যান্ডার্ড বজায় থাকে।
তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি মানবিক সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান মিডিয়া নিয়ন্ত্রণ থেকে বিরত থাকার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। গণমাধ্যমকে কীভাবে আরও স্বাধীন করা যায়। সে বিষয়ে কাজ করতে বলা হয়েছে। সাংবাদিকরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নির্বিঘ্নে কাজ করবেন।’
সাংবাদিকতার অপব্যবহার নিয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, বাকস্বাধীনতার নামে কাউকে হেয়প্রতিপন্ন করা বা কারও সামাজিক জীবনকে হুমকির মুখে ফেলার মতো সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকা উচিত।