হুমায়রা হিমুর ৫ বছর আগের ভিডিও ভাইরাল!

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। এরপরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ওই ভিডিওতে মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা যাচ্ছে, ৫ বছর আগে হিমু কথা বলছিলেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিয়ে। ২০১৮ সালের ২২ মে হার্ট অ্যাটাকে মারা যান তাজিন। তাজিনের ওই মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছিলেন হিমু। তাই লাইভে এসে তাজিনের মৃত্যুর নানা তথ্যও নেটিজেনদের জানিয়েছিলেন তিনি। সেখানেই একজন অভিনেত্রীর মৃত্যু আর মিডিয়ায় প্রকাশিত খবরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন হিমু।
 
হিমু বলেছিলেন, আমরা সবাই স্বার্থপর। ভালো অভিনয়শিল্পীও। এর জন্য আমাদের অস্কার পাওয়া উচিত। কারণ মৃত অভিনয়শিল্পীদের নিয়ে মিডিয়ায় ব্যবসা হয়। অনেক সময় অসত্য খবরও প্রকাশিত হয়। যা মোটেও উচিত নয়।

হিমু ভিডিওতে তারপরই নিজের মৃত্যুর কথা জানান। বলেন, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকব না। একদিন আমিও মারা যাব। আমাকে নিয়েও মিডিয়ায় নানা গল্প তৈরি হবে। সেই গল্প নিয়ে বানানো হবে খবরও। মৃত্যুর পর আমি তো থাকব না। ওপারে থাকব। প্রতিবাদও করতে পারব না। তাই আমি বেঁচে থাকা অবস্থায় লাইভে এসে সত্যি কথাগুলো বলতে চাই।

হিমু জানিয়েছিলেন, অভিনেত্রী তাজিনের একাকিত্বের সময়গুলো, তার দুঃখ সবই আমরা জানতাম। কিন্তু আমরা কেউই তার পাশে থাকিনি। মৃত্যুর সময় সবার ওপর অভিমান করেই হয়তো চলে গেছেন আপুমনি (অভিনেত্রী তাজিন)।

৫ বছর পর যেন হিমুর সেই কথাগুলোই সত্যি হয়ে উঠছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত