শ্রমিক হত্যার বিচার ও ন্যায্য মজুরি নিশ্চিত করুন : সিপিবি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের গুলি করে হত্যা ও তাদের ওপর দমনপীড়ন বন্ধ এবং  শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি।

বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, গুলি করে শ্রমিক হত্যা করে শ্রমিকের যৌক্তিক আন্দোলনকে দমনের চেষ্টা কখনই সফল হবে না।

নেতারা বলেন, দ্রব্য মূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, আয় বৈষম্য শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শ্রমিকরা বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদেই আন্দোলনে নেমেছে। শ্রমিকের মুখে আহারের বন্দোবস্ত না করে মালিক পক্ষের তাঁবেদার সরকার শ্রমিকের বুকে বুলেট বিদ্ধ করে হত্যা করছে, শ্রমিকের ঘরের ব্যবস্থা না করে তাদের নামে মামলা দিয়ে তাদের ঠিকানাহীন করছে।

সিপিভির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিকনেতা রুহুল আমিন, শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত