শ্রীপুর

আটকের পর অসুস্থ বিএনপি নেতাকে হাসপাতালে নিল পুলিশ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০১:২৪ এএম

গাজীপুরের শ্রীপুরে ইসমাইল হোসেন (৫০) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ইসমাইল হোসেন তেলিহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তার বাড়ি তালতলী গ্রামে। তিনি সাইটালিয়ার বাজারে সারের ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইসমাইল হোসেনকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেপ চক্রবর্তী বলেন, ‘ভয়-আতঙ্ক থেকে উচ্চ রক্তচাপ হতে পারে। প্রাথমিকভাবে ওষুধের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আসেনি। উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ইসমাইল হোসেনের ছেলে মহসিন কবির বলেন, ‘পুলিশ বিনা কারণে হয়রানি করছে। বাবার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ ও মামলা নেই। দোকান থেকে তাকে আটক করা হয়। আটকের কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।’

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম বলেন, ‘২৮ অক্টোবরের পর থেকে রাতে নিয়মিত বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। গত কয়েকদিনে অন্তত অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ কর্মীরাও এর শিকার হচ্ছে।’

শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, ‘ওই ব্যক্তি পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এরপর তার নাম-ঠিকানা জানতে চাওয়া হয়। এমন সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। তাকে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।’

বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে কিনা জানতে চাইলে ওসি অস্বীকার করেন। তিনি বলেন, ‘পুলিশ তার নিয়মিত কাজ করছে। গ্রেপ্তাররা কোনো না কোনো মামলার আসামি। তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত