মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (০৪ নভেম্বর) দুপুরে এ অংশের উদ্বোধন করা হয়।
পূর্ণদৈর্ঘ মেট্রোরেলের উদ্বোধন শেষে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যোগ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দুপুরে গণপূর্ত ভবনের সামনে থেকে মিছিলটি যাত্রা শুরু করে। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। জানান, উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে যানজটের নগরীতে যাত্রীদের স্বস্তির যাত্রার উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প বাস্তবায়ন করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেন সেটি বাস্তবে প্রমাণ করেন। পদ্মা সেতু মেট্রোরেল বড় বড় প্রকল্প সবই তার প্রমাণ। তবে জামাত বিএনপির দোষররা সব সময় ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানান তিনি।
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারাই আসন্ন নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে প্রধানমন্ত্রীর উন্নত সমৃদ্ধ স্মাট বাংলাদেশ বিনির্মাণে বাধা প্রদান করবে জনগণকে সাথে নিয়ে তাদের সমুচিত জবাব দেয়া হবে।
