রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টের কোল্ড স্টোরেজ রুমে বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আজ শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের ‘ওপেক্স গ্রুপের’ গার্মেন্টসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, কুড়িল চৌরাস্তায় অবস্থিত ‘জেনারেটিং এন্ড ইঞ্জিনিয়ারিং’ নামে একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার জামিনুর রহমান (৪০), টেকনিশিয়ান ফিরোজ হাওলাদার (৩২), মো. হযরত আলী রতন মৃধা (২৮) ও রাসেল মিজি (৪৫)।
আহতরা জানান, তারা গত ২ দিন যাবৎ মিরপুর-১৩ নম্বরে ওপেক্স গ্রুপের গার্মেন্ট ভবনটির নিচ তলাতে ‘বিএপসি রেস্টুরেন্স’ এর কোল্ড স্টোরেজ বানানোর কাজ করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আজ বেলা সাড়ে ৩টার দিকে গ্যাসের পাইপ থেকে বিকট বিস্ফোরণ ঘটে। এতে রুমটিতে থাকা তারা ৪ জন আহত হন।
আহত অবস্থায় ওই গার্মেন্টের লোকজন তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় তাদের ৪ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে জামিনুর রহমান (৪০) ও ফিরোজ হাওলাদারের অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
