অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিমান বিধ্বস্ত, নিহত ৩ দমকলকর্মী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১০:২০ এএম

অস্ট্রেলিয়ার দূরবর্তী উত্তর-পশ্চিম কুইন্সল্যান্ডের প্রত্যন্ত এক অঞ্চলে একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় তিনজন দমকলকর্মী নিহত হয়েছেন। এ অঞ্চলে দাবানল মোকাবিলা করতে নিযুক্ত ছিল বিমানটি এবং নিহত কর্মীরা এ সংক্রান্ত কাজেই যুক্ত ছিলেন।

রোববার (৫ নভেম্বর) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা দ্যা গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুরে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে এবং বিমানে থাকা তিন দমকলকর্মী নিহত হয়েছেন বলে শনিবার গভীর রাতে পুলিশ জানিয়েছে।

বিমানটি ভিক্টোরিয়ান এভিয়েশন কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছিল এবং কোম্পানিটিও দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয়রা ম্যাককিনলে-এর উত্তর-পশ্চিমে, ক্লোনকারির কাছে একটি খনি সাইটের কাছে বিমান দুর্ঘটনার রিপোর্ট করেন।

বিকেলে উদ্ধারকারী হেলিকপ্টার এবং ক্রুরা ঘটনাস্থলে পৌঁছালে ধ্বংসাবশেষ দেখতে পায় এবং নিশ্চিত করে যে বোর্ডে থাকা তিনজনই মারা গেছে।

কুইন্সল্যান্ডের অগ্নিনির্বাপক কর্মীরা প্রদেশটিতে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে। দাবানলে সেখানে এখন পর্যন্ত কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত