ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে যে শনিবার গাজায় ইসরায়েলি বিমান হামলার কারণে ৬০ জনেরও বেশি ইসরায়েলি জিম্মি নিখোঁজ হয়েছে।
রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
এর আগে গত মাসের শেষের দিকে, হামাস জানিয়েছিল যে গাজায় ইসরায়েলি হামলায় জিম্মি থাকা আনুমানিক ৫০ জন ইসরায়েলি নিহত হয়েছিল।
হামাসের সশস্ত্র শাখা ইজ এল-দ্বীন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সামাজিক মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে জানান, নিখোঁজ ইসরায়েলি জিম্মিরদের মধ্যে ২৩টি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
তিনি আরও বলেন, ‘গাজার বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের ক্রমাগত নৃশংস আগ্রাসনের কারণে আমরা কখনই তাদের (ধ্বংসস্তূপের নিচে আটকা জিম্মিদের) কাছে পৌঁছাতে পারব না বলে মনে হচ্ছে।‘
তবে তাৎক্ষণিকভাবে হামাসের এ দাবি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।
এদিকে হামাসের হাতে আটক জিম্মিদের খোঁজে যুক্তরাষ্ট্র ও গাজার ওপর নজরদারি ড্রোন উড়িয়েছে বলে বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
গত সাত অক্টোবর মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।
হামাসের এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪০০ ইসরায়েলি। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিকসহ আরও ২৩৯ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।
