কোহলির জন্মদিনে আনুশকার শুভেচ্ছাবার্তা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম

প্রিয় মানুষের জন্মদিনে শুভেচ্ছাবার্তা থাকবে না, তা তো হয় না। আজ ৩৫ বছরে পা দিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। তার জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা।

বিশ্বকাপে এদিন কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে ভারত। এই ম্যাচের একাদশে আছেন কোহলিও। তাকে নিয়ে উত্তেজনা তাই তুঙ্গে। কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড জন্মদিনে ছুঁতে পারবেন কিনা কোহলি, তা নিয়ে চলছে আলোচনা।

এর মাঝেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে স্বামীকে শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী আনুশকা। বেশ মজার কিছু ছবি পোস্ট করেছেন তিনি। প্রথম ছবিই একটি প্রতিবেদনের অংশ। সেখানে লেখা, 'বিরাট কোহলি হচ্ছেন একমাত্র ক্রিকেটার যিনি কর্মজীবনে শূন্যতম বলে উইকেট নিয়েছেন।'

তারপরের ছবিতেই দেখা গেল মজার অঙ্গভঙ্গী করে দাঁড়িয়ে বিরাট। পরনে ভারতের জার্সি। তৃতীয় ছবিতে স্বামী-স্ত্রীর সেলফি। নিজের পোস্টে আনুশকা লিখেছেন, 'সে তার জীবনের প্রতিটি ভূমিকায় সত্যিই ব্যতিক্রমী! তবুও কোনো না কোনোভাবে তার অর্জনের মুকুটে আরও পালক যোগ করেই চলেছে (হাসির ইমোজি)। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এই জীবনে, তারপরেও এবং সীমাহীনভাবে ভালোবাসি, সেটা যেকোনো আকারে, তা যাই হোক না কেন।'

আনুশকার ওই পোস্টেই ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন মজা করে লেখেন, 'ক্যাপশনটা হওয়া উচিত-আমার স্বামীর খেয়াল রাখার জন্য তোমাকে ধন্যবাদ কেভিন (হাসির ইমোজি)।' কয়েকটি ইমোজি দিয়ে কোহলিও সেখানে নিজের ভাব প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত